১৪ ডিসেম্বর ২০১৮


নবীগঞ্জ-বাহুবল হবে দেশের মডেল উপজেলা : মিলাদ গাজী

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ-বাহুবলকে দুইটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহ নেওয়াজ (মিলাদ গাজী)। এসময় তিনি সাংবাদিকদের কাছে তার আরো বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

শুক্রবার সকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, নির্বাচিত হলে নবীগঞ্জ-বাহুবলবাসীর প্রাণের দাবি ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পৌছে দিবেন। নারী শিক্ষা উন্নয়নে দুটি উপজেলায় দুটি মহিলা কলেজ স্থাপন করবেন। এছাড়া বিবিয়ানা গ্যাস ব্যবহার করে অত্র এলাকায় একটি সার কারখানা স্থাপন করার চেষ্টা করবেন বলে জানান।

নির্বাচিত হলে সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেবেন উল্লেখ করে তিনি বলেন- মুক্তিযোদ্ধা ভাতা বঞ্চিত সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করে তাদের ভাতা দেওয়া নিশ্চিত করবেন।

তিনি আরো বলেন, আপনারা জানেন আমার নির্বাচনী এলাকা এখনো শতভাগ বিদ্যুতের আওতায় আসে নাই। তাই আমি প্রথমেই উক্ত আসনে অতি দ্রুত শতভাগ বিদ্যুতায়নের চেষ্টা করব। প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’ এই ঘোষণার আওতায় নবীগঞ্জ-বাহুবল এলাকায় ইতোমধ্যে ইকোনোমিক জোন ঘোষণা করা হয়েছে। তা বাস্তবায়নের চেষ্টার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আরও বেশী বেশী কলকারখানা যাতে গড়ে উঠে সেই চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন