১৪ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রার রাজনীতিতে বিশ্বাসী। এর প্রমাণও দিয়েছে বিগত সময়ে। বিশেষ করে গত ৫ বছরে করা সিলেট নগরীর উন্নয়ন কাজ এর প্রত্যক্ষ প্রমাণ। বিরোধীদলের মেয়র থাকার পরেও বর্তমান সরকার যে পরিমান অর্থ বরাদ্দ দিয়েছে বিএনপি সরকারের আমলে এ রকম বরাদ্দের কোনো নজির তারা দেখাতে পারবে না। অথচ এসব উন্নয়ন নিয়েও এখন মিথ্যাচার করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে জনগণকে।
শুক্রবার সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ড. মোমেন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু অপপ্রচারকারীরা জানেন না যে, অপপ্রচার চালিয়ে সিলেটবাসীকে বিভ্রান্ত করা যাবে না। কোনোভাবেই ঠেকানো যাবে না নৌকার বিজয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের সুফল পাচ্ছেন সিলেটসহ পুরো দেশবাসী।
তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সরকারের প্রতিটি কাজ বিশ্বে প্রশংসিত হচ্ছে। তাই দেশের সর্বস্তরের জনতা আওয়ামী লীগকেই দেশ পরিচালনার দায়িত্বে রাখতে চান। এবারের নির্বাচনেও সিলেটবাসী নৌকার পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছেন। তারা মূল্যবান ভোট দিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
সকাল ৯টায় সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডের কাজীটুলা ও লোহারপাড়া এলাকায় গণসংযোগ, ১১টায় চৌহাট্টায় বুদ্ধিজীবি শহীদ মিনারে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দুপুরে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কান্দিরপথ জামে মসজিদে জুমআর নামাজ আদায় ও এলাকায় গণসংযোগ, বিকাল ৩টায় সাহেববাজারে খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় যোগদান, বিকাল ৪টায় হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগ করেন ড. মোমন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হাই শিবলী, বিএমএ সিলেট’র সাবেক সভাপতি ডা. এ.কে.এম হাফিজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিল ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।