৭ জুন ২০২৩


সেনাসদস্যের মৃত্যু : আগাম জামিন নিলেন সিসিকের দুই প্রকৌশলী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনাসদস্য দেলোয়ার হোসেনের (৩৮) মৃত্যুর ঘটনায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।

বুধবার দুপুরে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতে আমরা জামিনের আবেদন করেছিলাম। আদালত ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।

এর আগে মঙ্গলবার হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছেন তারা। বিচারপতি শেখ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামিদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

জানা যায়, গত শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্মাণাধীন ১২তলা থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য ল্যান্স করপোরাল দেলোয়ার হোসেন নিহত হন। তিনি সিলেট সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কোরে কর্মরত ছিলেন। তার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

এ ঘটনায় সেনা সদস্য আব্দুল মান্নান বাদী হয়ে পাঁচ জনের নামে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির মালিক জামাল উদ্দিন, সাইট ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেনচালক সাদেক, ব্যবস্থাপক ও সব ঠিকাদারকে আসামি করা হয়।

শেয়ার করুন