১০ ডিসেম্বর ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সোমবার বিকেলে তিনি তার জন্মস্থান মাধবপুর থেকে ঐক্যফ্রন্টের শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রথমে তিনি মাধবপুর পৌর শহর পরে বহরা ইউনিয়নের মনতলা বাজার ও সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরে তিনি ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক প্রফেন্সর মো. আব্দুল করিম, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নিয়াজুর রহমান নিয়াজ, মাধবপুর উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা শাহ্ মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, চুনারুঘাট উপজেলা খেলাফত মজলিস সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান আহমেদ প্রমুখ।
গণ সংযোগকালে ড. আহমেদ আব্দুল কাদের এলাকাবাসীর দোয়া, ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। এই নির্বাচনে বিজয়ের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনা হবে এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনা হবে।