১০ ডিসেম্বর ২০১৮


প্রস্তুত মাইক, প্রস্তুত ভাষ্যকার

শেয়ার করুন

এ. এস. রায়হান : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন জেলা রিটার্নিং কর্মকর্তারা। তারপর ১১ ডিসেম্বর থেকেই প্রার্থীরা নামবেন নির্বাচনী প্রচারণায়। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কমতি রাখছেন না সিলেটের মাইকবিক্রেতারা। আর ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন মাইকের ভাষ্যকাররাও।

নির্বাচনী প্রচারণা শুরুর পরেই সিলেটজুড়ে শুরু হবে মাইকের ঝাঁঝালো প্রচারণা। দুটি পাতা আর একটি কুঁড়ির দেশের পাড়া-মহল্লার মোড়ে-মোড়ে কেবলই চলবে সংসদ নির্বাচনের প্রার্থীদের সরব প্রচারণা।

‘মা বোনদের বলে যাই … মার্কায় ভোট চাই’, ‘মায়ের কোলে শিশুর ডাক…ভাই জিতে যাক’, ‘উড়ছে পাখি দিচ্ছে ডাক … ভাই জিতে যাক’, ‘মাগো তোমার একটি ভোটে… ভাই যাবে জিতে’, ‘… ভাইয়ের দুই নয়ন, সিলেটবাসীর উন্নয়ন’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় উঠবে গোটা আধ্যাত্মিক নগরী।

এদিকে বেশ প্রস্তুতি চলছে মাইকের দোকানে। পুরনো মাইক সার্ভিসিং করে, রঙ চড়িয়ে করা হচ্ছে সচল। নতুন মাইকগুলোতেও চলছে ঘষামাজা। শোক সংবাদ প্রচার ও সভা-সমাবেশ ছাড়া থাকেনা মাইকের কদর। ভাড়াও হয় কম। সংসদ নির্বাচনকে ঘিরে এখন দোকানিদের পার হচ্ছে ব্যস্ত সময়।

সংসদ নির্বাচনে উপলক্ষে গুদামে সাজিয়ে রাখা সেই মাইকগুলো এখন বের করে সার্ভিসিং করা হচ্ছে। মাইকের ভেতর কোনো সমস্যা আছে কিনা তা দেখে নিচ্ছেন বিক্রেতারা।

শহরের একটি মাইকের দোকানের কর্মচারী মদরিস আলী লটই বলেন, তার দোকানের মাইকগুলো বুকিং হয়ে গেছে। ১১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তার কোনো মাইক নেই। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ সময় তাদের ব্যবসা জমজমাট হয়ে ওঠে বলেও জানান তিনি।

শেয়ার করুন