১৩ আগস্ট ২০১৭


মৌ’বাজার ও হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশু সহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে দুই জেলায় এই পৃথক দূর্ঘটনাটি ঘটে।

আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কে বাসের ধাক্কায় তালেব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক আব্দুল মালেককে (৪৮) আটক করেছে পুলিশ।

রবিবার বেলা ১১টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তালেব আলী রাজনগর উপজেলার মহলাল গ্রামের মৃত আছর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস পথচারী তালেবকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও চালককে শ্রীমঙ্গলে আটক করা হয়েছে।

আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় নাজমুল হক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাজমুল ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

রবিবার সকালে উপজেলার বড়গাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে বড়গাঁও এলাকায় রাস্তায় হাঁটছিল নাজমুল। এসময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

 

(আজকের সিলেট/১৩ আগষ্ট/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন