৯ ডিসেম্বর ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় মগনু মিয়া (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মগনু মিয়া সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগগন্নাথপুর এলাকার মো. টনু মিয়ার ছেলে। তিনি ওই এলাকার একটি বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।
শনিবার রাতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় মাজ সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকায় দুই যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যারাতে মগনুর সঙ্গে একই এলাকার আবু তাহেরের ছেলে সুমন মিয়া ও সেফুল মিয়ার মধ্যে সিগারেট দেওয়া-নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সঙ্গের লোকজন নিয়ে গাছের ডাল দিয়ে মগনুকে বেধড়ক পেটাতে থাকে। এতে মগনু মিয়া জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ সুমন মিয়া ও সেফুল মিয়াকে আটক করেছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটকও করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’