২৩ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের দুটি এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
বৃহষ্পতিবার এসএমপির এয়ারপোর্ট থানাধীন স্থানীয় সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের আশ্রয়কেন্দ্র ও কোম্পানীগঞ্জ উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে তিনি রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় আইজিপি বলেন, আকস্মিক বন্যার শুরু থেকেই ফাস্ট রেসপন্ডার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। প্রত্যন্ত অঞ্চল থেকে স্থানীয় নৌকা, বালি পরিবহনের নৌকা দিয়ে বানভাসি মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ। বিভিন্ন থানা ভবনেও বানভাসি মানুষকে আশ্রয় দেয় পুলিশ। বন্যার্ত মানুষকে, আশ্রয়কেন্দ্র সমূহে ত্রাণ সামগ্রী বিতরণসহ রান্না করা খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে যাচ্ছে পুলিশের বিভিন্ন ইউনিট।
তিনি বলেন, একই সাথে মানুষের বাড়িঘর এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দিনরাত নিরলসভাবে সতর্কতার সাথে ডিউটি করে যাচ্ছে পুলিশ সদস্যগণ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার পানি কমে যাবার পরে বিভিন্ন পুনর্গঠন কার্যক্রমেও পুলিশ বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনসহ সকলে যারা বন্যা পরবর্তী কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আইজিপি মহোদয়।
এসময় সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।