৮ ডিসেম্বর ২০১৮

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাক্ষণগ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে বাড়ির মালিক আব্দুল মুমিন আহত হয়েছেন। ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১২ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।
শনিবার ভোররাতে গোয়ালাবাজার স্কুল রোডস্থ আব্দুল মুমিনের বাসায় ডাকাতি ঘটে। সকালে খবর পেয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৃহকর্তা আব্দুল মুমিন জানান, রাত সাড়ে ৩ টার দিকে ৭ জনের ডাকাত দল বাসার গেইটের তালা কেটে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় আমি বাঁধা দেয়ায় ডাকাতরা আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করে। ডাকাতরা প্রায় এক ঘণ্টা বাসায় অবস্থান নিয়ে বাসায় থাকা আলমিরা খোলে ১০ ভরি স্বর্ণ ও নগদ ১২ হাজার টাকাসহ দুই একটি দামি শাড়ি নিয়ে চলে যায়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশি অভিযান তৎপর রয়েছে।