৫ ডিসেম্বর ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারের জলঢুপ এলাকার প্রবীণ শিক্ষক বিনয়েন্দু ভূষন চক্রবর্তীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার জয় লাল নাথ (২৮) ও একই এলাকার জয়ন্ত লাল নাথ (৩০)।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার বিনয়েন্দু ভূষন চক্রবর্তী (৬০) নামের এক প্রবীণ শিক্ষককে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে অগ্নিদগ্ধ প্রবীণ শিক্ষকের আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।