৫ ডিসেম্বর ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি : প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র হোসাইন আহমদ ২ দিন চিকিৎসাধিন থাকার পর অবশেষে মারা গেছে। নিহত কলেজ শিক্ষার্থী হোসাইন আহমদ পৌর এলাকার মধ্য নিদনপুর গ্রামের ছমির উদ্দিনের পুত্র। সে বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
বুধবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। তার উপর হামলাকারি ঘাতক বখাটে সুমন আহমদ (১৬) একই এলাকার মুহিব আলীর দশম শ্রেণির স্কুল পড়ুয়া পুত্র।
জানা যায়, গত সোমবার বিকাল আনুমানিক ৩ টার সময় ছোট এক বাচ্ছাকে একই এলাকার মুহিব আলীর ১০ম শ্রেণিতে পড়ুয়া ছেলে সুমন খেলার ছলে কাদাচ্ছিলো, এতে বাধা দেয় কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরা হোসাইন আহমদ।
তখন দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর এক পর্যায়ে দুজন হেঁটে হেঁটে নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালিয়ের সামনে আসলে ঘাতক সুমন হোসাইনের মাথায় অতর্কিত লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হোসাইনকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক সিলেট ওয়েসিস হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। ওয়েসিস হাসপাতালে দুইদিন আইসিইউতে থাকার পর আজ বুধবার সকাল ৯ টায় সে মৃত্যুবরণ করে।
এদিকে, মঙ্গলবার রাতে নিহতের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, হোসাইন আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছিলে। মামলা দায়েরের পর থেকে আমরা আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছি। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে।