৩ ডিসেম্বর ২০১৮


সুনামগঞ্জ-১: রতন না রফিক?

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোয়াজ্জেম হোসেন রতনের জায়গায় ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীকে নিয়ে গুঞ্জন উঠেছে। এই আসনের টানা দুইবারের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। আর ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী সদ্য বিএনপি থেকে বিকল্প ধারায় যোগ দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাত থেকে এ এলাকায় গুঞ্জন শুরু হয়েছে, শেষমেশ এখানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন সম্প্রতি বিকল্প ধারায় যোগ দেয়া মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী। আর এই গুঞ্জন এখন পুরো জেলায় লোকজনের মুখেমুখে।

মোয়াজ্জেম হোসেন ২০০৮ সালে প্রথম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এখানে সাংসদ হন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে আবার সাংসদ হন তিনি। এবারের নির্বাচনে এখানে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১১ জন। কিন্তু মোয়াজ্জেম হোসেনই শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান।

আওয়ামী লীগ প্রার্থী সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বিতর্কিত পরিবারের কোনো সদস্যকে নৌকায় তুলবেন না। বোগাস কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে রাজি নই।’

চিকিৎসক রফিকুল ইসলাম চৌধুরী ২০০৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিএমএর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এবার নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি বিকল্প ধারা বাংলাদেশে যোগ দিয়ে দলের মনোনয়ন পান। তিনি বিকল্প ধারার প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে রফিকুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘বিকল্প ধারা থেকে আমাকে জানানো হয়েছে, আমরা মহাজোটের শরিক হিসেবে পাঁচটি আসন পাচ্ছি। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনটি আছে।’ তিনি বলেন, ‘যে আদর্শ নিয়ে বিএনপির জন্ম হয়েছিলে, দলটি এখন সে জায়গায় নেই।’

শেয়ার করুন