২৮ নভেম্বর ২০১৮
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নির্বাচনী আসনে ৬ষ্টবারের মতো আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
বুধবার (২৮ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করার পর উপজেলা পরিষদ চত্বরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সভায় উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেন, সকল ভেদাভেদ ভুলে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। এ সময় তিনি নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান।
উল্লেখ্য, পুন:তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।