২৮ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে জামাল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামাল মিয়া উপজেলার আহমদাবাদ ইউনিয়নের থৈগাও গ্রামের আব্দুন নুরের পুত্র।
বুধবার দুপুরে চুনারুঘাট সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি টহলরত দল তাকে আটক করে।
চুনারুঘাট সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সুবেদার জামশেদ আলী বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, জামাল মিয়া নামে ওই যুবক বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী গুইবিল এলাকার ৬৮ মেইন পিলারের ৫ এস পিলার সংলগ্ন স্থান দিয়ে ভোরে কাটা তারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।