২৭ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সিলেট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। নৌকা উন্নয়নের প্রতীক। উন্নয়নের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এ সরকার কাজ করছে। তাই উন্নয়নের স্বার্থে তরুণ প্রজন্ম নৌকায় ভোট দেবেন।
মঙ্গলবার জোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) মজার জেয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাবেক এই কুটনৈতিক বলেন, যদিও আমরা সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হয়েছি তারপরও আমাদের দলে কোন কোন্দল নেই। নির্বাচনে জয় পরাজয় থাকে। এটা কখনোই কোন বড় ঘটনা হতে পারে না। দল ঐক্যবদ্ধ হয়েই কাজ করছে। তার বড় প্রমাণ আজ দলের সকল নেতৃবৃন্দ আমার সঙ্গে আছেন। আমরা যদি নির্বাচিত হই তাহলে একটি উন্নত, আধুনিক ও একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ে তুলবো। যা হবে সত্যিকারের সোনার বাংলা। এখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
এসময় তাঁর সাথে ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, রূপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল মোমেন, মোমেনের বড়বোন জাতীয় অধ্যাপক ড. শায়লা খাতুন, সিলেট মহানগর সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।