২৫ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বড়ভাই ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দোয়া ও অনুপ্রেরণা নিয়ে রাজনীতির মূল মাঠে পথচলা শুরু করলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবুল মোমেন।
রোববার দুপুরে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর বেলা সাড়ে ৩ টার দিকে বড়ভাই ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অফিসে ছুটে যান ড. মোমেন।
সেখানে তিনি বড়ভাইয়ের সামনে মনোনয়ন পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং তাঁর দোয়া ও আশীর্বাদ নেন। এ সময় আবুল মাল আবদুল মুহিতও ছোটভাইকে আগামী দিনের রাজনীতির জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
দীর্ঘদিন থেকে রাজনীতিতে থাকা না থাকা নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষ থেকে একেক সময় একেক বক্তব্য দেয়ার কারণে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন সিলেটের মানুষ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর মুহিতের মনোনয়নপত্র সংগ্রহ আবারো আলোচনার জন্ম দেয়। তবে কি রাজনীতি ছাড়ছেন না মুহিত; এমন প্রশ্ন ছিল সবার মুখে মুখে। রোববার ড. মোমেনের মনোনয়ন প্রাপ্তির আগ পর্যন্ত মোহিত না মোমেন; এমন প্রশ্নে দ্বিধাদ্বন্দ্বে ছিল সাধারণ মানুষসহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও।
শেষ পর্যন্ত ড. মোমেনের মনোনয়ন প্রাপ্তির মাধ্যমে সে দ্বন্দ্বের অবসান হল। সেই সাথে অনেকটাই নিশ্চিত হলো আবুল মাল আবদুল মুহিতের অবসরে যাওয়ার বিষয়টি।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার দুপুরে দেশের অন্যান্য আসনগুলোর সাথে নৌকা প্রতীক নিয়ে সিলেট-১ আসনে নির্বাচনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোটভাই ড. এ কে আব্দুল মোমেনকে মনোনয়ন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।