১২ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শনিবার সকালে হযরত শাহজালালের (রহ.) ৬৯৮তম বার্ষিক ওরস শুরু হয়েছে। ওরসের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাফ প্রদান করা হয়েছে। আর প্রতিকুল আবহাওয়ার কারণে ওরসের কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ এই গিলাফ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
এদিকে, দুই দিনব্যাপী ওরসকে ঘিরে দরগাহ এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ। ওরসের সার্বিক নিরাপত্তায় র্যাব-পুলিশের পাশাপাশি মাজারের নিজস্ব স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। তাছাড়া পুরো মাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার থেকে মাজারে আসার পাঁচটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রিত রেখেছে পুলিশ। রোববার ভোরে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
এদিকে, ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসতে শুরু করেছেন সিলেটে। সিলেটের হোটেল-মোটেল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মো. জেদান আল মুসা জানান, মাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন ছাড়াও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। যানজট এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার থেকে মাজার এলাকার পাঁচটি সড়কে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগত ভক্তদের গাড়ী নিয়ে শহরে প্রবেশ না করারও নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়।
(আজকের সিলেট/১২ আগষ্ট/ডি/এসটি/ঘ.)