১১ নভেম্বর ২০১৮
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা কেটে অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শ্রমিক। নিহত শ্রমিকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রোববার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে স্থানীয় জালিয়ারপাড় গ্রামের হুসিয়ার আলী, ইসমাইল আলী গংদের গর্তে চাপা পড়েন তিন শ্রমিক। এতে দুই জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। একজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে গর্ত মালিকসহ সংশ্লিষ্টরা পলাতক রয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর গর্ত ধসে ফরিদ মিয়া নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গর্ত মালিক দেলোয়ার চৌধুরী, মামুন চৌধুরী এবং হাসনু চৌধুরীর নামে মামলা দায়ের করেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। আর গত এক বছরে শাহ আরেফিন টিলায় অন্তত ৩০ জন শ্রমিক গর্ত ধসে নিহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বার বার অভিযান ও শাহ আরেফিন টিলাকে পাথর উত্তোলনের জন্য ঝুঁকিপূর্ণ বলা হলেও কোন ভাবেই থামছে না শ্রমিকের প্রাণের ঝুঁকি নিয়ে পাথর উত্তোলন।