১১ নভেম্বর ২০১৮
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে খুন হওয়া অজ্ঞাতনামা নারীর পরিচয় সনাক্ত হয়েছে। নিহত মহিলার নাম সুমি আক্তার (তিশা)। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার নয়নপুর (মস্তানবাড়ী) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
শনিবার রাতে নিহতের বোন নাজমা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই মমিনুল ইসলাম।
এসআই মমিনুল ইসলাম নিহতের পরিচয় সনাক্ত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, নিহত তিশার পরনের প্যান্টের পকেটে থাকা মেমোরী কার্ডের মধ্যে একটি মোবাইল নম্বর পাওয়া যায়। সেই নম্বরে যোগাযোগ করা হলে নিহত তিশার বোন নাজমা বেগম নিহত তিশার পরিচয় সনাক্ত করেন। তিশার পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন বলেও তিনি জানান।
উলেখ্য যে, গত ৫ নভেম্বর উপজেলার দয়ামীর ইউপির দয়ামীর বাজারে কনাইশা (র:) মাজারের পিছনে একটি জমি থেকে মাটিচাপা দেয়া অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।
লাশ উদ্ধারের পর পুলিশ অভিযান চালিয়ে দয়ামীর খাল পাল গ্রামের আব্দুল বারিক সহ ৮জনকে আটক করলে আব্দুল বারিক সহ ৩জন আদালতে দন্ড বিধির ১৬৪ ধারায় খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
এ হত্যাকান্ডের ঘটনায় ওসমানীনগর থানার এসআই সাইফুল মোলা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন।