১১ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : মর্যাদাপূর্ণ সিলেট-১ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে নৌকা পেতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও নগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
রোববার সকালে আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র নিয়ে তার পুরণ করে জমা দেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন।
সিলটের ইতিহাসের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ১৯৭৩ সালে প্রথমবারের মতো পৌর নির্বাচনে অংশ নিয়ে সিলেট পৌরসভার ৩নং ওর্য়াডের (তোপখানা) কমিশনার পদে নির্বাচিত হন। পরের নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে, সেবারও তিনি কমিশনার নির্বাচিত হন। মাঝে কিছুদিন বিদেশ চলে যাওয়ায় নির্বাচনী লড়াই থেকে দূরে ছিলেন তিনি।
১৯৮৯ সালে আবার ফিরেন নির্বাচনী ময়দানে। আরো একবার কমিশনার নির্বাচিত হন। এরপর কামরান তার দৃষ্টিকে আরো দূরে ছড়িয়ে দেন। ১৯৯৫ সালে তিনি প্রথম পৌরসভার চেয়ারম্যান পদে লড়াইয়ে নামেন। বিজয়ীও হন। এরপর ১৮ বছর ধরে কামরানই ছিলেন সিলেটের অভিভাবক। এ সময়ের মধ্যে পৌরসভার যুগ পেরিয়ে সিলেট পা রেখেছে সিটি কর্পোরেশন যুগে। আর কামরানের ঝুলিতে জমা হতে থাকে একের পর এক সাফল্যের পালক, সাধারণের ভালোবাসা।
সিলেটে জনপ্রিয়তার এক মডেল হয়ে উঠেন কামরান। এক এগারো পরবর্তী জরুরি অবস্থার সময়ে ২০০৮ সালে কারাবন্দি অবস্থাতে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন কামরান। কামরানের এ এগিয়ে চলায় ছন্দপতন ঘটে গেলো নির্বাচনে।
তারপর ২০১৩ এবং ২০১৮ এর মেয়র নির্বাচনে দলীয় কোন্দলের শিকার হয়ে পরাজয় বরণ করতে হয়েছে নগরবাসীর প্রিয় এই জননন্দিত মেয়রকে। এরপর থেকেই সিলেট-১ আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হওয়ার দাবি উঠতে থাকে তৃণমূল থেকে।