৯ নভেম্বর ২০১৮
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থেকে অসুস্থ্য অবস্থায় একটি তিলা নাগ ঈগল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলার ইসবপুর গ্রামের বড়বাড়ি থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। এটি বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধিন রয়েছে।
ইসবপুর গ্রামের নিখিল দেব বলেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে প্রাণীটি মাটিতে পড়ে থাকতে দেখে তিনি উদ্ধার করেন তারপর প্রাণীটিকে নিজ বাড়ীতে নিয়ে গিয়ে খাবার ও পানি দেন। কিন্তু প্রাণীটি তখনও কিছুই খায় নি। পরে শুক্রবার সকালে শ্রীমঙ্গল শহরের ফুলবাড়ী এলাকায় অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, শুক্রবার সকালে খবর পাওয়ার সাথে সাথেই আমরা তিলা নাগ ঈগলটি উদ্ধার করে আনি। ঈগলটির শারীরিক অবস্থা ভালো নয়। তার দেহের তুলনায় ওজনও অনেক কম। আমরা প্রাণীটির চিকিৎসা শেষে সুস্থ্য হলে সেটিকে অবমুক্ত করবো।
এরা গভীর জঙ্গলে থাকতে পছন্দ করলেও পাহাড়, নদীর পাড়, বেলাভূমি ও ফসলের মাঠেও খাবারের সন্ধানে ঘোরাফেরা করে। শীত কালে এরা তুলনামুলক কম শীত এলাকা বা দেশে চলে যায়। এরা জনমানব এলাকার বাইরে এবং কমপক্ষে ১০০ ফুট উপরে বাসা তৈরি করে স্বামী স্ত্রী উভয়ে একত্রে বসবাস করে প্রজনন ঘটায়।