৮ নভেম্বর ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের এমপি ও জাতীয়পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী বলেছেন, এই আসনের সাবেক এমপিরা নানা উন্নয়ন কাজ করেছেন। আমি তাদের অবদানকে সাধুবাদ জানাই তবে, সাবেক যেকোনো এমপির উন্নয়নের তুলনায় সিলেট-২ আসনে আমিই সবচেয়ে বেশী উন্নয়ন উপহার দিয়েছি। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবার যদি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করে সিলেট-২ আসনকে উন্নয়নের রোল মডেলে পরিণত করব।
বৃহষ্পতিবার বিকেলব্যাপী প্রায় ২ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজার-বন্ধুয়া-রামপাশা রাস্তা পুনঃনির্মাণ, নকিখালী-উজাইজুরী সড়ক- আটঘর ফকির বাড়ী ভায়া বিশ্বনাথ হাসনাজী সড়ক উন্নয়ন, ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও পাড়ুয়া-হাসনাজী-চাউলধনি হাওর রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয়পার্টির সদস্য আরশ আলী বাবলু উপজেলা সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল, সুমন আহমদ সুনন, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, নাসির উদ্দিন মেম্বার, শামীম আহমদ মেম্বার, ধন মিয়া মেম্বার, রুবেল আহমদ আফজল, শফিক আহমদ পিয়ার প্রমুখ।