৩ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আশংকা জনক অবস্থায় মিনারা বেগম (৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আইয়ুব বিন সিদ্দিকের সাথে বেশ কিছু দিন যাবত বাড়ির পার্শ্ববর্তী একটি ডুবায় মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল একই গ্রামের শাহাব উদ্দিন ও তার লোকজনের। এনিয়ে দুপুরে উভয় পক্ষের লোকজন বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় আইয়ুব বিন সিদ্দীক (৫৫), কুতুব আলী (২০), উসমান আলী (৪৫), রাজন মিয়া (৩৭), রহিমা খাতুন (২৬) ও জামাল মিয়া (১৯) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যান্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।