৩১ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ার ও আম্বরখানার বরকতিয়া সুপার মার্কেটে অবৈধ ট্রাভেল এজেন্সিগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খৃষ্টফার হিমেল রিছিল।
বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
এদিকে অভিযান শুরুর খবর শুনে জরিমানা এড়াতে বেশিরভাগ অবৈধ ট্রাভেল ব্যবসায়ী অফিস বন্ধ করে পালিয়ে যায়। অভিযানের সময় যারা সঠিক কাগজপত্র দেখাতে পারেননি তাদেরকে সতর্ক করে ৭ দিনের সময় দেয়া হয়।
আর যারা অফিস বন্ধের সুযোগ পায়নি তাদের মধ্যে সান রিচ ট্রাভেলস, উদয়ন ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস, শাহপরান এন্টারপ্রাইজ, নেছারিয়া ট্রাভেলস, আফরিন ইন্টারন্যাশনাল প্রভৃতি ট্রাভেল এজেন্সিগুলো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তবে আল মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলস, বলাকা ট্রাভেলস এই প্রতিষ্ঠান দুটি বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিচিল জানান, অভিযানে অবৈধভাবে পরিচালিত ট্রাভেল এজেন্সিগুলোকে অবিলম্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে লাইসেন্স গ্রহণ করতে বলা হয় এবং বৈধভাবে ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করে সাত দিনের সময় দেয়া হয়। এ সময়ের মধ্যে বৈধ কাগজপত্র সংগ্রহ করতে না পারলে ফের অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাম্মা লাবিবা অর্নব ও সানজিদা চৌধুরী, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ (আটাব)-এর সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক মীর কামরুল ও এসএমপির পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।