২৮ সেপ্টেম্বর ২০২০
অতিথি প্রতিবেদক : কিছুদিন আগেও খুঁটিবিহীন হয়েছিল সিলেট নগরী। মাটির নিচে নেওয়া হয়েছিল বিদ্যুৎ লাইন।কিন্তু লাইট পোস্টের ব্যবস্থা না থাকায় ফের খুঁটিতে ভরসা করতে হলো নগর কর্তৃপক্ষকে। আর বিদ্যুতের খুঁটি বসাতে গিয়ে আবারও খোঁড়াখুড়ি। তাতে রাস্তায় সৃষ্ট খানাখন্দতে জমেছে বৃষ্টির পানি। তাতে ভোগান্তির অন্ত নেই পথচারীদের।
অন্যদিকে, নগরীর ভাঙা রাস্তা-ঘাটে ভোগান্তি বাড়লেও রাস্তার মাঝখানে ঠায় দাঁড়ানো বিদ্যুতের খুঁটিতে চলছে সৌন্দর্যবর্ধন। বিদ্যুতের খুঁটিতে লোহার পাত দিয়ে ফুলের টব লাগিয়ে দেওয়া হয়েছে।
নগরীর বাসিন্দাদের অনেকেই বলেছেন, জিন্দাবাজার সড়কই নয়, মিরাজাবাজার, নাইওরপুল, সুবহানীঘাট, পাঠানটুলা কদমতলীসহ বিভিন্ন সড়কে বেহালদশা। রাস্তায় খানাখন্দ থাকলেও খুঁটিতে ফুলের টব মানুষকে হাস্যরস্যের যোগান দিচ্ছে।
বিশেষ করে রাস্তার মাঝখান দিয়ে ডিভাইডার করতে গিয়ে আবারও খোঁড়াখুড়ি করা হয়েছে। অনেক স্থানে খানাখন্দ ভরে আছে পানিতে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অসমাপ্ত এসব উন্নয়ন কাজ নগরবাসীকে ভোগাচ্ছে বেশ।
সিসিক সূত্র জানায়, করোনার কারণে সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়ন কাজ থমকে আছে। তবে বৃষ্টি নামা শেষ হলেই রাস্তার কাজে হাত দেওয়া হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, রাস্তার কাজ আপাতত বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটিতে ফুলের টব ব্যবসায়ী বসিয়েছেন। অনেকে মনে করছেন, এটা সিটি করপোরেশনের কাজ।