২৮ অক্টোবর ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সদরের চৌঘরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর হবে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।