২৮ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : আধ্যাতিক রাজধানী সিলেটে নিজেদের ধর্মঘটের নামে বেপরোয়া হয়ে উঠেছে পরিবহন শ্রমিকরা। কথিত ধর্মঘটের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত
গাড়িও চলাচলে বাধা দিচ্ছে তারা। এমনকি বিভিন্ন পয়েন্টে শ্রমিকনামধারীদের দেশীয় অস্ত্র নিয়েও মহড়া দিতে দেখা গেছে। কার্যত এদের কাছে জিম্মি হয়ে পড়েছেন নগরবাসী।
রবিবার নগরীর আম্বরখানা পয়েন্ট ও হুমায়ূন রশীদ চত্বরে বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি আটকানোর দৃশ্য ছিলো চোখে পড়ারমত।
সড়ক পরিবহন আইন সংষ্কারের দাবীতে রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা কর্মবিরতির ডাক দেয় পরিবহন শ্রমিকরা। ৮ দফা দাবিতে তাদের এ কর্মবিরতির ফলে সিলেটে সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে কোন বাস ছেড়ে যায়নি।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কোষাধ্যক্ষ মানিক মিয়া বলেন, ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এ কর্মবিরতি। সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। সোমবার পর্যন্ত এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির ফলে সিলেটের সকল রুটেই বাস চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, আমরা আলটিমেটাম দিয়েছিলাম। স্মারকলিপিও দিয়েছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টা সারাদেশে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
সাধারণ মানুষরা বলছেন, কয়দিন পর পর পরিবহন শ্রমিকরা নানা অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট ও কর্মবিরতি পালন করে। এতে চরম দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে সাধারণ মানুষকে।