২৭ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি: স্কুল ব্যাংকিং বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবিগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হবিগঞ্জ শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির।
রিটেইল ব্যাংকিংয়ের প্রধান তারেক রিয়াজ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অঞ্চলের নির্বাহি পরিচালক মো. সৈয়দ তারিকুজ্জামান, হবিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল হাসিব, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন প্রমূখ।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হবিগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠিত কনফারেন্সে বাংলাদেশের সব কয়টি ব্যাংক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে হবিগঞ্জের বিভিন্ন স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।