২৫ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শেষে ফেরার পথে আটক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার দেখানো হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশ তাকে আটকের পর কোতোয়ালি থানায় পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া একটায় থানাহাজত থেকে তাকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার সন্ধ্যায় নগরের শাহজালাল উপশহর মোড় এলাকায় হোটেল রোজভিউয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। সমাবেশ শেষে ওই হোটেলে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিদায় জানাতে সেখানে গিয়েছিলেন খন্দকার মক্তাদির।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা জানান, খন্দকার মুক্তাদির আহমদের বিরুদ্ধে পুরনো রাজনৈতিক মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটের সমন্বয়কারী আলী আহমদ জানান, নগরের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে খন্দকার মুক্তাদিরকে আটক করেন সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা।