২৩ অক্টোবর ২০১৮


শ্রীমঙ্গলে জবাই করা মায়া হরিণ জব্দ

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে একটি জবাই করা মায়া হরিণ জব্দ করেছে বনবিভাগ। সোমবার রাত সাড়ে ১০টায় হরিণটি জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে ময়নাতদন্ত শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকায় হরিণটি মাটিচাপা দেওয়া হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে শিকার করা হয়েছিল বলে বনবিভাগ জানিয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট অফিসার আনোয়ার হোসেন বলেন, সোর্স মারফত খবর পেয়ে আমরা ভাড়াউড়া চা বাগানের ড্রাইভার মধুর বাড়িতে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে মধুর বাড়ির লোকজন হরিণটি প্রতিবেশী প্রকাশ হাজরার বাড়ির সীমানায় ছুড়ে ফেলে দেয়। পরে গলা কাটা হরিণটিকে প্রকাশ হাজরার বাড়ির আঙিনা থেকে জব্দ করে শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাই।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের এসিএফ আনিসুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে হরিণটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া অংশে মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আসামি করে বন্যপ্রাণী আইনে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন