৩০ মে ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি : দেশের অন্যতম বৃহত্তম মাধবকুণ্ড জলপ্রপাতে আসা পর্যটকরা এখন থেকে মূল ফটকের ভেতর কোনো ধরনের প্লাস্টিক নিয়ে প্রবেশ করতে পারবেন না। এছাড়া হয়রানি বন্ধে রাস্তায় থাকা যানবাহন থেকে টোল আদায়ও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে আসা পর্যটকদের হয়রানি বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। টোল আদায়ের নামে জেলা পরিষদের ইজারাদার শুধু নির্দিষ্ট পার্কিং এলাকা থেকে ইজারা সংগ্ৰহ করবেন। রাস্তায় অবস্থান করা কোনো গাড়ি থেকে এখন আর টোল আদায়ের সুযোগ নেই। এমনকি পর্যটকদের গাড়ি থেকে নামিয়ে অপেক্ষামাণ না থেকে ফেরত চলে যাবে এমন ওয়ান ট্রিপ দেওয়া যানবাহন থেকেও টোল নেওয়া হবে না। এছাড়া মাধবকুণ্ডের মূল ফটকের ভেতরে কোনো পর্যটক প্লাস্টিক নিয়ে প্রবেশ করতে পারবেন না। বিষয়টি জোড়ালোভাবে নজরদারি করা হবে।
তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার দুপুরে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়। মাধবকুণ্ডের অভ্যন্তরীণ রাস্তা কাঁঠাতলিবাজার থেকে আটোরিকশা ভাড়া জনপ্রতি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন করে যাত্রী বসবে। রিজার্ভ হলে ভাড়া হবে ১৫০ টাকা।
তিনি বলেন, এছাড়াও আবাসিক হোটেলে প্রশাসনের তদারকি জোরদার, আসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ পর্যটন বিকাশে নানা সিদ্ধান্ত নেওয়া হয়।