২২ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাঈন উদ্দিন চৌধুরী।
গ্রেফতারকৃতরা হল, চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আবুল কাশেম (২৫), একই গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে পারভেজ হোসেন রুবেল (২২) ও চন্দনা গ্রামের মৃত মুসলিম উলা ছেলে আশরাফুল আলম জুয়েল (৪০)।
এএসপি মাঈন উদ্দিন জানান, ওই তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেনসহ র্যাব সদস্যরা চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।