২১ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর ভাদৈয়ে খোয়াই নদীতে ব্রীজ না থাকায় নদী পারাপারে ২০টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক লোকজনের প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। শহরে আসতে তাদেরকে ৩-৪ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে। অনেকেই আবার সময় স্বল্পতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে খোয়াই নদীর ওপর দিয়ে নৌকায় খেয়া করে আসতে হচ্ছে।
বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল বেলায় ঝুঁকি নিয়ে নৌকায় করে পারাপার হচ্ছে। এছাড়া ওই স্থানে অনেকে পারাপারের সময় নৌকাডুবে প্রাণহানীর মতো ঘটনাও ঘটছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে শিগগিরই একটি বেইলি ব্রিজ স্থাপন করা হবে খোয়াই নদীর ওই অংশে।
সূত্রে জানা যায়, ব্রীজ হলে মাত্র ৫ মিনিটের মধ্যেই জেলা শহরসহ উপজেলা শহরে প্রয়োজনীয় কাজ করতে পারবে এলাকার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, খোয়াই নদীতে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন নৌকার মাধ্যমে যাতায়াত করছে। শুষ্ক মৌসুমে পানি নদীতে কম থাকলেও বর্ষা মৌসুমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ঝুঁকি নিয়ে ছোট একটি ডিঙ্গি নৌকার মাধ্যমে হাজার হাজার লোকজন প্রতিদিন পারাপার হচ্ছে। এলাকার লোকজন দীর্ঘদিন ধরে ভাদৈ এলাকায় একটি ব্রীজ স্থাপনের দাবি করে আসছেন।
খেয়া নৌকা দিয়ে প্রতিদিন স্কুলে আসা-যাওয়া করা শিক্ষার্থী জিসান আহমেদ জানান, স্কুলে আসা-যাওয়ার সময় অনেক সময়ই নৌকাডুবে বই খাতাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নদীতে তলিয়ে যায়। ফলে মাঝে মধ্যে স্কুলে যাওয়া সম্ভব হয় না। একই এলাকার শিক্ষার্থী হেপী আক্তার জানান, নৌকায় পারাপারের সময় জীবনের ঝুঁকি থাকে। ইতোমধ্যে বেশ কয়েকজন লোক নৌকা ডুবে মারা গেছে। এরপরও বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকার মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে দাবি জানাই যেন দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা হয়।
ভাদৈ গ্রামের ফারুক আহমেদ জানান, ব্রীজ না থাকার কারণে তার ছেলে-মেয়েরা সঠিক সময়ে স্কুল-কলেজে পৌঁছাতে পারে না। তাদেরকে দীর্ঘদিন যাবত কষ্ট করে খেয়া নৌকার মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, প্রতি বর্ষার সময়েই নৌকাডুবে মানুষ মারা যায়। এরপরও আমাদের চলতে হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাহির সেকান্দার বলেন, ‘পূর্বাঞ্চল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ভাদৈ এলাকায় একটি ব্রীজ স্থাপন। এখানে প্রায় ১শ ফুটের বেশি বড় ব্রীজ নির্মাণ করতে হবে। ব্রীজ নির্মাণের জন্য বুয়েটের মাধ্যমে ব্রীজের সার্ভের কাজ শেষে হয়েছে। শিগগিরই ব্রিজের টেন্ডার আহবান করা হবে।