১৪ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে শনিবার মধ্য রাতে বিশ্বনাথ উপজেলা সদরের জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা স্থানীয় বাসিয়া সেতুর ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। রাত ১২টায় মিছিলটি উপজেলা সদরের বাসিয়া সেতুর মুখ থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার বাসিয়া সেতুর মুখে এসে পথসভায় মিলিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক মনোহর আলীর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক জয়লাল আবেদিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, সুমন আহমদ সুনন, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সালেহ আহমদ তোতা, জাপা নেতা নাজিম চৌধুরী, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেট-২ আসনের এমপি এহিয়া চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যারা এমপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। তারা এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিশ্বনাথবাসীকে সাথে নিয়ে এমপি এহিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানানো হবে বলে বক্তারা হুশিয়ার উচ্চারণ করেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় বিশ্বনাথে ইয়াহহিয়া চৌধুরী এহিয়া এক ট্রাক ড্রাইবারকে রাস্তা থেকে ট্রাক সরাতে বলেন। এরই জের ধরে অপপ্রচারে লিপ্ত হন শ্রমিকরা।