১০ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে।
রায় ঘোষণার পর বুধবার বেলা ১ টার দিকে নগরীর জেলরোড পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পরে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গিয়ে নয়াসড়ক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এম এ মালেক প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।