৮ অক্টোবর ২০১৮


সিলেটে এবার ২৬১৯টি পূজামন্ডপে ‘দুর্গোৎসব’

শেয়ার করুন

সুনীল সিংহ (অতিথি প্রতিবেদক) : আর ক’দিন পরই শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শরৎকালে এই পূজা হয় বলে একে শারদীয় দুর্গোৎসব বলা হয়। দুর্গোৎসবকে ঘিরে সিলেটের সর্বত্র চলছে ব্যাপক প্রস্তুতি। কারিগররা ব্যস্ত মূর্তি সাজাতে। আর পূজা কমিটিগুলো ব্যস্ত পূজার স্থান নির্ধারণসহ আনুষাঙ্গিক কাজে। অনেকেই মূর্তি বানানোর জন্য দেশের নামকরা প্রতিমা নির্মাতা শিল্পীদের সাথে চুক্তি করে কাজ করছেন। প্রতিমা নির্মাতা শিল্পীরা বাঁশ খড়ের কাজ শেষ করে মাটির কাজও সেরেছেন। এবার তার উপর রং তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

আর ক’দিন পরেই পূজার জন্য প্রতিমা মন্দিরে স্থাপন করতে হবে। শিল্পীদের রঙিন তুলির আঁচড়ে প্রতিমাগুলো যেন জীবন্ত হয়ে উঠবে। মহানগরীর পাশাপাশি মফস্বল এলাকায়ও পূজা কমিটিগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টায় কাজ করছেন দিনরাত। প্রতিমা শিল্পীদের কাজ আর পূজা কমিটির ব্যস্ততা ঘোষণা করছে অত্যাসন্ন দুর্গোৎসবের। পঞ্জিকা মতে এবার দেবীর ঘোটকে (ঘোড়ায়) আগমন আর দোলায় গমন। মহালয়ার দিন ঘট স্থাপন করা হবে। ১৪ অক্টোবর সায়ং কালে দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। ১৯ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ছয়দিন ব্যাপী উৎসব শেষ হবে।

দাঁড়িয়াপাড়ার প্রতিমা শিল্পী শংকর পাল জানান, এবার তিনি ৪০টি দুর্গা প্রতিমা নির্মাণের অর্ডার পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে দামী প্রতিমার মূল্য দেড় লাখ টাকা। আর সর্বনিম্ন মূল্য ২০ হাজার টাকা। দুলাল পাল (পাশের শেডে কাজ করেন) প্রতিমার অর্ডার পেয়েছেন ২২টি।

এবার সিলেট বিভাগে পারিবারিক, বারোয়ারি ও সার্বজনীন পূজামন্ডপ (স্থায়ী ও অস্থায়ী) ২৬১৯টি। এর মধ্যে সার্বজনীন পূজা ২৩৬৯টি ও পারিবারিক পূজা ২৫০টি। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা মৌলভীবাজার জেলায় ৯৯৫টি আর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কুলাউড়ায় ২১৭টি পূজার আয়োজন করা হয়েছে ।

এ বছর সিলেট জেলায় ৫৯৮টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সিলেট মহানগর এলাকায় মোট ৬৩টি পূজার আয়োজন করেছেন পূজারীরা। এর মধ্যে সার্বজনীন পূজা ৪৮টি ও পারিবারিক পূজা ১৫টি। সিলেট সদর উপজেলায় সার্বজনীন পূজা ৫৫টি। দক্ষিণ সুরমা উপজেলায় ২৩টি পূজার আয়োজন করা হয়েছে।

এর মধ্যে সার্বজনীন ২২টি ও পারিবারিক পূজা ১টি। গোলাপগঞ্জ উপজেলায় ৬৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সার্বজনীন পূজা ৫৯টি ও পারিবারিক পূজা ৬টি।

বালাগঞ্জ উপজেলায় ২৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সার্বজনীন পূজা ২৬টি ও পারিবারিক পূজা ২টি। কানাইঘাট উপজেলায় সার্বজনীন পূজা ৩২টি। জৈন্তাপুর উপজেলায় সার্বজনীন পূজা ২২টি। বিশ্বনাথ উপজেলায় সার্বজনীন পূজা ২৪টি। গোয়াইনঘাট উপজেলায় এবার ৪০টি পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন পূজা ৩৯টি ও পারিবারিক পূজা ১টি। জকিগঞ্জ উপজেলায় জেলার মধ্যে সবচেয়ে বেশি পূজার আয়োজন করা হয়েছে। এ উপজেলায় এবার সার্বজনীন পূজা ৯৭টি।

বিয়ানীবাজার উপজেলায় ৪৯টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন পূজা ৩৪টি ও পারিবারিক পূজা ১৫টি। কোম্পানীগঞ্জ উপজেলায় ২৭টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন পূজা ২৫টি ও পারিবারিক পূজা ২টি। ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩৯টি পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন পূজা ৩৭টি ও পারিবারিক পূজা ২টি আর ওসমানীনগর উপজেলায় ৩৪টি পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন পূজা ২৫টি ও পারিবারিক পূজা ৯টি।

মৌলভীবাজার জেলায় ৯৯৫টি পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন ৮৪২টি ও পারিবারিক ১৫৩টি। মৌলভীবাজার সদর ও পৌর এলাকায় ১০৬টি, রাজনগরে ১৩০টি, বড়লেখায় ১৫১টি, জুড়ি উপজেলায় ৬৮টি, কুলাউড়ায় ২১৭টি, কমলগঞ্জে ১৫৬টি ও শ্রীমঙ্গলে ১৬৭টি।

সুনামগঞ্জে ৩৮৩টি পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন ৩৫৪টি ও পারিবারিক ২৯টি। সুনামগঞ্জ পৌরসভায় ২৪টি, সদর উপজেলায় ১৯টি, দক্ষিণ সুনামগঞ্জে ২১টি, জগন্নাথপুর পৌরসভায় ৫টি ও উপজেলায় ২৭টি, ছাতক পৌরসভায় ১২টি ও উপজেলায় ২২টি, দিরাই পৌরসভায় ৬টি ও উপজেলায় ৫৩টি, শাল্লা উপজেলায় ২৬টি, তাহিরপুরে ২৯টি, ধর্মপাশায় ১৬টি, বিশ্বম্ভরপুরে ৩১টি, দোয়ারাবাজারে ১৬টি, জামালগঞ্জে ৪৮টি ও মধ্যনগরে ২৮টি।

হবিগঞ্জে ৬৪৩টি পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন ৬৩০টি ও পারিবারিক ১৩টি। হবিগঞ্জ পৌরসভায় ৩৫টি, সদর উপজেলায় ৪৯টি, লাখাই উপজেলায় ৬৫টি, চুনারুঘাট পৌরসভায় ৮টি ও উপজেলায় ৭০টি, বাহুবল উপজেলায় ৪৯টি, নবীগঞ্জ পৌরসভায় ৮টি, উপজেলায় ৮২টি, মাধবপুর পৌরসভায় ১২টি ও উপজেলায় ১০৫টি, বানিয়াচং উপজেলায় ১১৮টি, আজমিরিগঞ্জ উপজেলায় ৩৬টি, শায়েস্তগঞ্জে ৬টি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা শারদীয় উৎসব সুষ্ঠু সুন্দর ও সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া, সকল পূজা মন্ডপে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নিজস্ব জেনারেটর ও নিরাপত্তার জন্য নিজস্ব ভলন্টিয়ার রাখার কথা বলেছেন।

তিনি আরো জানান, জেলায় পূজার সার্বিক বিষয় মনিটরিং করার জন্য ১৩ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় ৫ সদস্যের মনিটরিং সেল রাখা হয়েছে।

মহানগরীর পূজামন্ডপগুলোর মধ্যে আকর্ষণীয় হলো, কাজলশাহ, মাছুদিঘিরপারের ত্রিনয়নী, দাঁড়িয়াপাড়ার চৈতালী, সনাতন যুব ফোরাম, লামাবাজার তিন মন্দির, রাজবাড়ী, রামকৃষ্ণ মিশন, বলরাম জিউড় আখড়া, গোপালটিলা, যতরপুর, চালিবন্দর, মাছিমপুর, তোপখানা, গোটাটিকর শিববাড়ি।

দেবী দুর্গার যে মূর্তি সচরাচর দেখা যায়- সেটি সপরিবারে দেবী দুর্গার মূর্তি। এই মূর্তির মধ্যে দেবী দুর্গা সিংহ বাহিনী ও মহিষাসুর মর্দিনী। দেবীর ডান দিকে উপরে লক্ষ্মী ও নীচে গণেশ। বাঁ দিকে উপরে সরস্বতী ও নীচে কার্তিক। সেই সাথে রয়েছে তাদের বাহন পেঁচা, ইঁদুর, হংস ও ময়ূর। আর দেবীর কাঠামোর উপরে শিবের মূর্তি স্থাপন করা হয়।

শেয়ার করুন