২৬ সেপ্টেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার রাতে সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের চাঁনপুর গ্রামের আজিজুর রহমান শাকিল নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আজিজুর রহমান শাকিল ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি সিলেট সেন্ট্রাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের খাবার না খেয়ে নিজ শয়নকক্ষে যান শাকিল। পরে রাতের খাবারের জন্য ডাকতে গিয়ে জানালা দিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।