২২ সেপ্টেম্বর ২০১৮
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের আধুনিক ভবনের তিন তলায় খেলা করার সময় সিড়ি থেকে পড়ে দেড় বছরের শিশু সায়েমের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে।
জানা যায়, জামালগঞ্জ জেলার ডেঙ্গাচর গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী শান্তি বেগম তিন সন্তান নিয়ে ঐ ভবনের তিন তলায় বসবাস করে আসছিলেন। কিছু দিন পূর্বে নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের জুবায়ের আহমদ চৌধুরীর ছেলে আমিনুর রহমান চৌধুরীর সাথে পরিচয় হয়। পরে দুজনের মধ্যে পরিনয় ঘটলে তাদের বিয়ে হয়।
শিশু সায়েম তিন তলার বারান্দায় সৎ বাবা আমিনুর রহমানের সাথে খেলা করার সময় হঠাৎ সিড়ির রেলিং এর ফাঁক দিয়ে ফসকে শিশুটি ছিটকে নিচ তলায় পড়ে যায়। পড়ে আহত শিশু সায়েমকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।