১২ সেপ্টেম্বর ২০১৮


বায়ু দূষণ রোধ করতে হবে : বিভাগীয় কমিশনার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেছেন, বায়ু দূষণ রোধ করে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এজন্য বায়ু দূষণ রোধে আইন প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগ অত্যন্ত সময়োপযোগী, উন্নয়নশীল দেশের চলমান অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বায়ু দূষণ রোধে নির্মল আইন প্রণয়ন করার জন্য প্রাসঙ্গিক বিষয়গুলো এবং তার উৎসকে শনাক্ত করার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব।

বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর যৌথ উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর’র সহযোগিতায় বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন (খসড়া) প্রণয়ন বিষয়ক স্টেইকহোল্ডার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মো. আজম খানের সভাপতিত্বে গতকাল বুধবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) মৃনাল কান্তি দেবঃ

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট’র ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান, প্রবন্ধ উপস্থাপন করেন বেলা, ঢাকা-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ.এম.এম মামুন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেটের বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহ সাহেদা অখতারের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, সিলেট-এর ভারপ্রাপ্ত পরিচালক আলতাফ হোসেন।

কর্মশালায় সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্রিকফিল্ডের স্টেইকহোল্ডার, কর্মকর্তা, পরিবেশকর্মী ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন (খসড়া) প্রণয়নের জন্য গ্রুপ ওয়ার্ক করে সেগুলো উপস্থাপন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে গ্রুপভিত্তিক ভাগ করে দেওয়া হয়। সেখানে বায়ু দূষণ রোধে আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, প্রতিরোধ-প্রতিকার বিষয়ক, সরকারি, বেসরকারি, এনজিও, কমিউনিটি সহ সম্মিলিতভাবে এর কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিষদ আলোচনা করা হয়।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মোতাহার হোসেন, সহযোগী অধ্যাপক মো. সামিউল আহসান তালুকদার, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাডক ডা. মোহাম্মদ শফিউল্লাহ, সুশাসনের জন্য নাগরিক (সুজন), সিলেট-এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার নির্মল বায়ু দূষণ আইন প্রণয়নের জন্য অর্থনৈতিক কর্মকান্ড বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি বায়ু দূষণ রোধে আইন প্রণয়নের জন্য দক্ষ মানুষদের চিন্তা-চেতনাকে কাজে লাগানোর প্রতিও গুরুত্ব দেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. মো. ইয়াসির আরাফাত খান সারা বাংলাদেশের বায়ু দূষণের চিত্র তুলে ধরে বলেন, বায়ু দূষণ কোনোভাবেই একেবারেই কমানো সম্ভব নয়। তবে এটাকে একটা নির্দিষ্ট মাত্রায় আনতে পারলে সেটা পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী হবে। এজন্য বিদ্যমান সমস্যা নির্ধারণ করে আইন প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

এছাড়া তিনি বায়ু দূষণ রোধে আইন প্রণয়নের জন্য কতগুলা মৌল সমস্যাকে তুলে ধরেন। এয়ার কোয়ালিটি ইনডেস্ক উপস্থাপন এবং ক্যাপাসিটি বিল্ডাপের প্রতি ও গুরুত্ব দেন তিনি।

শেয়ার করুন