১২ সেপ্টেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : নগরের ফুটপাত দখলকারী আলোচিত রকিব আলীকে বহিস্কার করেছে সিলেট মহানগর হকার্সলীগ। এক জরুরী সভায় গত সোমবার তাকে বহিস্কার করা হয়। একই সাথে দলের সদস্য পদও বাতিল করা হয়েছে।
সিলেট মহানগর হকার্স লীগের সভাপতি মোঃ সফিক আহমদের সভাপতিত্বে জরুরী সভায় সর্বসম্মতিতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকায় সিলেট মহানগর হকার্স লীগের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে তাকে বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া রকিব আলীর অপরাধ মূলক কোন কাজের দায়ভার সিলেট মহানগর হকার্স লীগ নেবেনা বলেও সভায় উল্লেখ করা হয়।
মহানগর হকার্সলীগের সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেল। সভায় সিলেট মহানগর হকার্স লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর হকার্স লীগ সভাপতি মো. সফিক আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমানের যৌথভাবে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।