১৩ সেপ্টেম্বর ২০১৮


প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাড়ছে পূজার সংখ্যা। জেলাতে এবারের মোট পূজার সংখ্যা ৫৭৬ টি থেকে বেড়ে ৫৭৭টি হতে পারে। এর মধ্যে ৬০টি পূজা ব্যক্তিগত। পূজার সংখ্যার মধ্যে নগরীতে মোট ৬০টি পূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪৩ টি মন্ডপে সার্বজনীন দুর্গা পূজা ও ব্যক্তিগত পূজা ১৭টি রয়েছে।

নগরীতে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিটি মন্দির ও মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবং তার সাথে থাকা লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অনিষ্টকারী অসূরসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি।

১৫ অক্টোবর মহাষষ্ঠী পূজা থেকে মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। পাঁচ দিনের উৎসবের পর ১৯ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর ঘটবে এর সমাপ্তি।

প্রতিবছরের মতো এ বছরও দুর্গোৎসবকে কেন্দ্রকরে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে সাজ-সজ্জার বিশেষ আয়োজন। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সব প্রস্তুতি চলছে।

নগরীর বেশ কয়েকটি পূজামন্ডপে ঘুরে দেখা গেছে, সকল পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজে মৃৎশিল্পীরা ব্যস্ত। দম ফেলারও ফুরসৎ নেই এখন প্রতিমা শিল্পীদের। আবার অনেক মন্ডপে প্রতিমার তৈরির কাজ শেষ হয়নি। প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ার পর কাপড়ের তোরণ, সাজসজ্জা এবং আলোকসজ্জার কাজ করা হবে।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, “সিলেটে দুর্গা পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। সিলেটে মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২১ সেপ্টেম্বর প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। সভায় জেলার প্রতিটি উপজেলা কমিটি ও মহানগরীর প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ সভায় পূজা উদযাপনের সার্বিক ব্যবস্থাপনা ও করনীয় সম্পর্কে আলোচনা করা হবে।”

তিনি আরো বলেন, “সিলেটে এবার অন্যান্য বছরের চেয়ে বেশি মন্ডপে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। সিলেটে বাড়ছে পূজার সংখ্যা। জেলাতে এবারের মোট পূজার সংখ্যা ৫৭৬টি থেকে বেড়ে ৫৭৭টি হতে পারে।”

শেয়ার করুন