১৩ সেপ্টেম্বর ২০১৮
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় চলতি মৌসুমে প্রায় সাড়ে ১৬হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৪হাজার হেক্টর জমিতে আমন রোপণ শেষ হয়েছে। বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের শেষে দিকে রোপণ শেষ হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার বন্যা না থাকায় আমন আবাদের পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়া, চলতি বছর ৬হাজার হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে ।
বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ফসলি জমির অনুপাতে চলতি বছর ১৬ হাজার ৪শ ৪৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উফশী আবাদ হবে ১২হাজার ৫ হেক্টর এবং স্থানীয় জাতের আবাদ হবে ৪ হাজার ৪ শ’ ৪০হেক্টর জমিতে। চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে রোপণ শেষ হবে বলে ধারণা করা যাচ্ছে।
বালাগঞ্জ উপজেলার কৃষক কবির উদ্দিন, রুহেল মিয়া, ওসমানীনগর উপজেলার তারেক আহমদ, জয়নাল মিয়া প্রমুখ জানান, এ বছর বন্যা না থাকায় আমন চাষাবাদের পরিমাণ অনেক বাড়তে পারে।
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, চলতি বছর বন্যা না থাকার পাশাপাশি আবহাওয়া অনুকূল থাকায় আমন আবাদের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
এদিকে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় ১৩হাজার ৮শ’ ৮০হেক্টর জমিতে আমন রোপা শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে উফশী ১১হাজার ১শ ৫০হেক্টর এবং স্থানীয় ২হাজার ৭শ ৩০হেক্টর।