১০ সেপ্টেম্বর ২০১৮


কমলগঞ্জে চা-শ্রমিকের বসতঘরে অগ্নিকাণ্ড

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের ভজনটিলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক চা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

রোববার মধ্যরাতে শমশেরনগর চা-বাগানের ভজনটিলার শ্রমিক বস্তিতে জগদীশ রবিদাসের বসতঘরে এই অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের সময় একই পরিবারের ৯ জন মানুষ তখন গভীর ঘুমে ছিলেন। অগ্নিকাণ্ড থেকে পরিবারের সদস্য ও গবাদিপশু রক্ষা করতে পারলেও সবকিছু হারিয়ে জগদীশের পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে আছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।

জগদীশ রবিদাস ও প্রতিবেশীদের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে পরিবারের ৯ জন সদস্য গভীর ঘুমে মগ্ন ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হলে জগদীশ রবিবার পরিবার সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে হাল্লা চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় জগদীশ রবিদাসের ঘরে রক্ষিত নগদ প্রায় ৩ লক্ষ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন খবর পেয়ে মেইন সংযোগ বন্ধ করলে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কমলগঞ্জ উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ও শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত অবস্থান করে।

ক্ষতিগ্রস্ত চা শ্রমিক জগদীশ রবিদাস জানান, তার ছেলে শমশেরনগর বাজারে মুঠোফোনের ব্যবসা করে। তার অর্জিত আয়ে বেশ কিছু আসবাবপত্র দিয়ে ঘরটি সাজানো হয়েছিল। অগ্নিকাণ্ডে নগদ প্রায় ৩ লক্ষ টাকা, মুঠোফোন, মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে সোমবার সকালে শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, ইউপি সদস্য ইয়াকুব আলী, সীতারাম বীন, মহিলা ইউপি সদস্য নমিতা সিং, চা-বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জগদীশ রবিদাসকে তাৎক্ষনিকভাবে নগদ ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শমশেরনগর চা-বাগানের ভজনটিলার জগদীশ রবিদাসের পরিবারকে পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।

শেয়ার করুন