৯ সেপ্টেম্বর ২০১৮
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে ২০ বছর পর হত্যা মামলার আসামী গ্রেফতার করা হয়েছে। আসামী আকুয়া গ্রামের মৃত ওসমান খানের ছেলে ছত্তার খানের (৫৫)।
১৯৯৯ সালে একটি শিশু হত্যা মামলায় তিনি আসামী ছিলেন। ওই সময়ই তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরওয়ানা জারি হয়। কিন্তু তিনি চলে যান আত্মগোপনে। হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।
নিজের পরিচয় পাল্টে হয়ে যান ‘কবিরাজ’। ঝার-পুক আর টুটকাই ছিল তার রুটিরুজির মাধ্যম। এলাকায় সে কবিরাজ নামে পরিচিত হলেও ভিতরের সে ছিল এক খুনি। খুনির খুলোস পাল্টে হয়ে গিয়েছিল কবিরাজ। দীর্ঘ ২০ বছর ধরে এই পরিচয়েই ছিল। পুলিশ তাকে খুঁজাখুজি করলেও কোথাও তাকে পাওয়া যায়নি। কিন্তু মামলার কী অবস্থা তাও পুলিশের তেমন ধারনা নেই। তবে পেন্ডিং রয়েছে বলেই মোটামোটি ধারণা পেয়েছেন তারা। দীর্ঘ ২০ বছর আগে আদালতের পরওয়ানা মূলে রাজনগর থানার পুলিশ রবিবার ভোর রাতে হবিগঞ্জ জেলার নবিগঞ্জের আউশকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।
রাজনগর থানার এসআই আবু মোকসেদ পিপিএম ও এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে রাজনগর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রবিবার সকালেই তাকে রাজনগর থানায় নিয়ে আসা হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে ১৯৯৯ সালে ওই এলাকার একটি শিশু হত্যা মামলায় ছত্তার খানের বিরুদ্ধে চার্জশিট দেয় রাজনগর থানার পুলিশ। ওই সময় থেকেই সে পলাতক ছিল। ২০ বছর আগে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরওয়ানা জারি করা হলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। দীর্ঘ দিন পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে নবীগঞ্জের আউশকান্দি থেকে গ্রেফতার করে। পলাতক আসামী ছত্তার খান সে নিজেও স্মরণ করতে পারছেনা নিহত শিশুর ঠিকানা।
রাজনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, দীর্ঘ ২০ বছর সে পলাতক ছিল। মামলাটি এখনো সম্ভবত বিচার পর্যায়ে রয়েছে। আমরা এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।