৪ সেপ্টেম্বর ২০১৮


রাতারগুলে বনবিভাগের সহস্রাধিক চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : দেশের একমাত্র মিঠাপানির বন রাতারগুলে বনবিভাগের রোপণকৃত প্রায় দশ সহস্রাধিক মুর্তাসহ বিভিন্ন ধরনের চারা উপড়ে ফেলেছে স্থানীয়রা।

মঙ্গলবার স্থানীয় মক্তার মিয়া, সাব্বির, আলাউদ্দিন, মকবুলের নেতৃত্বে গ্রামের শতাধিক লোক চারাগুলো উপড়ে ফেলে বলে জানিয়েছেন বনবিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

তিনি জানান, রাতারগুল জলারবনের বহিরাংশের জমি দখলমুক্ত করে মুর্তাসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করছে বনবিভাগ। কিন্তু স্থানীয় এলাকার মক্তার মিয়া, সাব্বির আহমদ, আলাউদ্দিন, মকবুল, আবুল ও শফাতের নেতৃত্বে একটি চক্র শুরু থেকেই এর বিরোধীতা করে আসছিল।

মঙ্গলবার সকাল থেকে বনবিভাগের শ্রমিকরা সেখানে চারা রোপন করতে গেলে তারা মাইকিং করে গ্রামের মানুষ জড়ো করে রোপণকৃত মুর্তা চারাসহ অন্যান্য গাছের চারাগুলো উপড়ে ফেলে। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পাশাপাশি গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।

শেয়ার করুন