২৮ আগস্ট ২০১৮
কাউসার চৌধুরী (অতিথি প্রতিবেদক) : পুণ্যভূমি সিলেট নগরে এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পুলিশের বিশেষায়িত টিম ক্রাইসিস রেসপন্স টিম (সি.আর.টি)। প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ টিম সোয়াতের আদলেই এই টিমকে গড়ে তোলা হয়েছে। সি.আর.টি নগরে জঙ্গীদমন, মাদক-চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে।
মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ জানিয়েছেন, যেকোন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বিশেষায়িত এই টিম গড়ে তুলেছে এস.এম পি। যুক্তরাষ্ট্রের বিশেষায়িত টিম সোয়াতের প্রশিক্ষকরাই এই টিমকে প্রশিক্ষণ দিচ্ছেন।
এসএমপি’র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট মহানগর পুলিশের ২৪ সদস্যের একটি টিমকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে গত ২৪ জুন জর্ডানে প্রেরণ করা হয়। জর্ডান পুলিশ ট্রেনিং কলেজে ২৬ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ নেন তারা। যুক্তরাষ্ট্রের বিশেষায়িত টিম সোয়াতের ৮ জন প্রশিক্ষক এস.এম.পির ২৪ সদস্যের এই টিমকে এই পুরো সময় বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন। যে কোন পরিস্থিতিতে সাহসিকতার সাথে পদক্ষেপ নেয়া, অস্ত্র পরিচালনা, জঙ্গীদমন, মাদক ও চোরাচালানীদের গ্রেফতার অভিযান, সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানসহ তাদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষক দল।
এসএমপি সংশ্লিষ্ট সূত্র জানায়, জর্ডানে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফেরার পর গত ৩০ জুলাই থেকে সিলেটে পুনরায় এই টিমের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ চলবে আগামী ৩০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত। যুক্তরাষ্ট্র সোয়াতের অপর ২ প্রশিক্ষক সিলেটে অবস্থান করে ২৪ সদস্যের এই টিমকে প্রশিক্ষণ দিচ্ছেন। সিলেট জেলা পুলিশ লাইন্সে প্রতিদিন প্রশিক্ষণের পাশাপাশি আখালিয়াস্থ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ফায়ারিং রেঞ্জে ফায়ারিং এ অংশ নেন প্রশিক্ষণার্থীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) এর কার্যক্রম চলে আসছিল। সি.টি.ইউ থেকেই ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গড়ে তোলা হয়। সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার উদ্যোগেই সিআরটি’র ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়। এরপর বিশেষায়িত টিমের প্রশিক্ষণের জন্যে এগিয়ে আসে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডিপ্লোমেটিক সিকিউরিটি। এন্টি টেরোরিজম এসিস্টেন্স (এটিএ) প্রজেক্টের আওতায় জর্ডান ও সিলেটে অনুষ্ঠিত প্রশিক্ষণের পুরো ব্যয় বহন করছে যুক্তরাষ্ট্র। ২৪ সদস্যের এই টিমকে পর্যায়ক্রমে আবারো জর্ডান, যুক্তরাষ্ট্র নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কেবল প্রশিক্ষণই নয় বিশেষায়িত এই টিমের সদস্যদেরকে অত্যাধুনিক অস্ত্র-শস্ত্রও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানিয়েছে।
জানা গেছে, নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) শাহরিয়ার আল-মামুন সিআরটি’র নেতৃত্ব দিচ্ছেন। টিম লিডার হিসেবে রয়েছেন সহকারী পুলিশ কমিশনার (এসি) আহমেদ পিয়ার ও মুনাদির ইসলাম চৌধুরী। বিশেষায়িত এই টিমে রয়েছেন, ২জন পুলিশ পরিদর্শক, ৬ জন উপ-পরিদর্শক, ২ জন সহকারী উপ-পরিদর্শক, ২ জন নায়েক ও ৯ জন কনস্টেবল। বর্তমানে সিলেট মহানগর পুলিশ এসএমপি ছাড়াও চট্টগ্রাম মহানগর পুলিশ ও রাজশাহী মহানগর পুলিশে (সিআরটি) কার্যক্রম চলছে।
সিলেটসহ বর্তমানে দেশের ৩টি নগরে কাজ করছে সিআরটি। তবে সিলেটে এখনো আনুষ্ঠানিকভাবে সিআরটি কাজ শুরু করেনি। শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিত হওয়া দুই ভোট কেন্দ্রে পুনঃ নির্বাচনের দিন সিআরটি’র উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
এদিকে, সিআরটি’র কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের নিকট তুল ধরতে আগামী বুধবার বেলা সাড়ে ১১ টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরের শাহজালাল উপশহরের এফ ব্লকে এসএমপির নতুন দপ্তরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে এসএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার এমএওয়াহাব জানিয়েছেন।
সিআরটি’র প্রধান ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) শাহরিয়ার আল মামুন বলেন, পুণ্যভূমি সিলেটকে জঙ্গী, মাদক, চোরাচালান ও সন্ত্রাস মুক্ত রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এজন্যে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ টিম গড়ে তোলা হয়েছে। নগরবাসীর শান্তির জন্যই এই পদক্ষেপ। এই টিম শুধুমাত্র বড় ধরণের পরিস্থিতি মোকাবেলা করবে।
সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, সোয়াতের আদলেই বিশেষায়িত এই টিম গড়ে তোলা হয়েছে। এই টিমের কাজ হল জঙ্গী, মাদক, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ করা। মোস্ট ওয়ান্টেড আসামী গ্রেফতারেও এই টিম কাজ করবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সোয়াতের প্রশিক্ষকরা ইতোমধ্যে আমাদের টিমকে জর্ডানে প্রশিক্ষণ দেন। বর্তমানে সিলেটেও যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন। আগামীতে আরো প্রশিক্ষণ দেয়া হবে। ধারাবাহিক প্রশিক্ষণের ফলে যে কোন পরিস্থিতি মোকাবেলায় তাদের সক্ষমতা বেড়েছে। এই টিমের ফলে পুণ্যভূমি সিলেট নগরবাসী উপকৃত হবেন।
(আজকের সিলেট/২৮ আগস্ট/ডি/কেআর/ঘ.)