২৫ আগস্ট ২০১৮
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ফুলবাড়িয়া গ্রামে আসকর আলী এবং খসরু মিয়া গ্রুপের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের মাঝে বিরোধ চলে আসছিল। শনিবার আসকর আলীর সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খসরু গ্রুপের খোকনের কথার কাটাকাটি হয় । একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হন। এসময় লাখাই থানার ওসি মো. এমরান হোসেনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(আজকের সিলেট/২৫ আগস্ট/ডি/কেআর/ঘ.)