২৮ আগস্ট ২০১৮


হারিয়ে যাচ্ছে হাইল হাওরের ‘গজার মাছ’

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : সিলেট অঞ্চলের অন্যতম প্রসিদ্ধ প্রাকৃতিক জলাশয় হাইল হাওর এখন নানাভাবে দূষণের শিকার। প্রাকৃতিক জলাশয়গুলোকে প্রাকৃতিকভাবে টিকে থাকতে না দেওয়ার কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এই প্রাকৃতিক জলাভূমির দেশীয় বিপন্ন প্রজাতির মাছগুলো।

এদের মাঝে গজার মাছ অন্যতম। হাইল হাওর জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে গজার মাছ। প্রাকৃতিক জলাশয় ধ্বংস করে মাছের কৃত্রিম খামার তৈরি, মাছটির প্রতি এক শ্রেণীর মানুষের অনিহা প্রভৃতি কারণে এ প্রজাতিটি বিলুপ্তির পথে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন), বাংলাদেশের লাল তালিকায় এ মাছটি বিপদগ্রস্ত প্রজাতির।

শ্রীমঙ্গল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান সিদ্দিকী বলেন, গজার মাছ এখন বিলুপ্তির পথে। অন্য মাছগুলো যেভাবে কৃত্রিম খামারে চাষ করা হয় এ মাছটিকে করা হয় না। সিলেট অঞ্চলেই মাছটিকে একসময় প্রচুর পাওয়া গেলেও বর্তমানে শতকরা দুই থেকে পাঁচের কোঠায় নেমে এসেছে।

তিনি আরও বলেন, এই মাছটির ইংরেজি নাম Great Snakehead এবং বৈজ্ঞানিক নাম Channa Marulius। এ মাছটি আকারে বিশালাকৃতির হয়। ওজন প্রায় দশ/পনেরো কেজিতে গিয়ে দাঁড়ায়। এদের শরীরে কালো কোলো ছাপ রয়েছে।

একটি সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, গজার আমাদের শোলমাছ প্রজাতির মাছ। মাছটি বিশালাকৃতির হয় বলে অনেকে খেতে চায় না। অনেকে একে রাক্ষুসে মাছও বলেন। তবে দেশীয় মাছটি সুস্বাদু। এর একটি বড় সমস্যা হলো বাজারে এর চাহিদা কম বলে মাছচাষিরা এর কৃত্রিম প্রজনন করতে আগ্রহী হন না।

এখনই উদ্যোগ না নিলে আমাদের এই দেশীয় প্রজাতির মাছটি জলাভূমিগুলো থেকে চিরতরে হারিয়ে যাবে বলে জানান শ্রীমঙ্গল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান সিদ্দিকী।

(আজকের সিলেট/২৮ আগস্ট/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন