২৮ জুলাই ২০১৮


নির্বাচনী মাঠে ১৪ প্লাটুন বিজিবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনে নিরাপত্তা প্রদানের জন্য মহানগরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে র‌্যাব ও পুলিশের সদস্যরাও নির্বাচনকে সামনে রেখে টহল শুরু করেছেন। এ ছাড়া নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে আরও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানান তিনি।

শনিবার দুপুর ১২টা থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছে বলে জানিয়েছেন বিজিবি সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।

সিলেট জেলা প্রশাসক নুমেরি জামান জানান, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২৭টি টিম কাজ করবে। ১৩৪টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য আগ্নেয়াস্ত্রসহ আনসার বাহিনীর একজন প্লাটুন কমান্ডার ও একজন এপিসি এবং একজন ব্যাটলিয়ান আনসার সদস্য থাকবেন।

তিনি আরও জানান, তবে গুরুত্বপূর্ণ কেন্দ্র সমূহে ২ জন করে অতিরিক্ত ব্যাটলিয়ান আনসার সদস্য অস্ত্রসহ থাকবেন। এছাড়া ৯ টি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ৯টি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন।

জেলা প্রশাসক জানান, সিসিক নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সিসিক নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ২৯৪৮ জন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

(আজকের সিলেট/২৮ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন