৫ আগস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক : নগরীর চৌহাট্টায় মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য ডিভাইস থাকায় ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে। বন্ধ করে দেওয়া হয়েছে চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে যান চলাচল। ওই মোটরসাইকেলটির নম্বর হলো ঢাকা মেট্রো ১৪-৯২৭০। মোটরসাইকেলটি ট্রাফিক পুলিশের সদস্য নয়নের বলে জানা গেছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় চৌহাট্টা এলাকার সিংহবাড়ির পাশে (পূর্বের পুলিশ চেকপোস্টের সামনে) দাঁড় করিয়ে রাখা আধুনিক মডেলের একটি মোটর সাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাৎক্ষনিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে তাদেরও সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিঞাসহ পুলিশের উধর্তন কর্মকর্তারা সেখানে গিয়ে জায়গাটিকে ফিতা টেনে ঘিরে রাখেন। ওই সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিঞা বলেন, ডিভাইসটি দেখে বোমার মতো মনে হচ্ছে। তাই জায়গাটি ঘিরে রেখে আমরা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়োেছি।
তিনি বলেন, জঙ্গি গোষ্টি হামলা চালাতে পারে এমন শঙ্কায় পুলিশ সারাদেশের মতো সিলেটেও তৎপর রয়েছে। ডিভাইসসহ মোটরসাইকেলটি এরকম কেউ ফেলে গেছে কি না তা এখনই বলা যাবে না।